Advertisement Banner

দেশে ৩ কোটি ৬০ লাখ মানুষ দরিদ্র: বিশ্বব্যাংক

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
দেশে ৩ কোটি ৬০ লাখ মানুষ দরিদ্র: বিশ্বব্যাংক
ছবি: এআই দিয়ে তৈরি

দেশে চার বছর ধরে দারিদ্র্যের হার বাড়ছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, চলতি বছর বাংলাদেশে দারিদ্র্যের হার হতে পারে ২১ শতাংশ। আর বর্তমানে, দেশে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা ৩ কোটি ৬০ লাখ।

‘বাংলাদেশ: দারিদ্র্য ও বৈষম্য বিশ্লেষণ, সমৃদ্ধির পথে অগ্রযাত্রা’ শীর্ষক প্রতিবেদনে বিশ্বব্যাংক দারিদ্র্যের হারের নতুন হিসাব দিয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর এক হোটেলে এক আলোচনা সভায় প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশে বিগত শতাব্দীর নব্বইয়ের দশক থেকে উল্লেখযোগ্য হারে দারিদ্র্য কমতে শুরু করে, যা ১৯৯১–৯২ সালে ছিল ৫৬ দশমিক ৭ শতাংশ। ২০০০ সালের পর থেকে তা আরও গতি পায়।

বাংলাদেশ দারিদ্র্য কমানোর দিক থেকে বিশ্বে সুনাম কুড়িয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে, সে ক্ষেত্রে সাম্প্রতিককালে বাংলাদেশ পেছন দিকে হাঁটছে।

পিপিআরসিও দারিদ্র্য হার নিয়ে গত আগস্টে জরিপ প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, ২০২৫ সালে দেশের সার্বিক দারিদ্র্য বেড়ে ২৭ দশমিক ৯৩ শতাংশ হয়েছে।

বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে, বর্তমানে মাসিক মাথাপিছু আয় ২ হাজার ৭৫০ টাকা হলে নিম্ন দারিদ্র্যসীমা এবং ৩ হাজার ৮৩২ টাকা হলে মোট দারিদ্র্যসীমা ধরা হয়।

দারিদ্র্য বৃদ্ধির কারণ হিসেবে মোটাদাগে যথেষ্ট কর্মসংস্থান সৃষ্টি না হওয়া, চাকরি হারানো, উচ্চ মূল্যস্ফীতি, মজুরি সেভাবে বৃদ্ধি না পাওয়া ইত্যাদিকে দায়ী করা হয়েছে।

সংস্থাটি বলছে, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে ২০ লাখ কর্মসংস্থান কম হয়েছে। ২০২৫ সালে আরও ৮ লাখ কর্মসংস্থান কম হওয়ার আশঙ্কা রয়েছে। চাকরির বাজার সংকুচিত হওয়ার সবচেয়ে বড় ধাক্কাটি পড়েছে নারী ও তরুণদের ওপর।

সম্পর্কিত