Advertisement Banner

মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে সমন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে সমন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ার।ছবি: বাসস

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য ও অপরাধমূলক ভয়ভীতি দেখানোর অভিযোগে ‘ন্যাশনাল সিটিজেন পার্টি’র (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে এই মামলাটি দায়ের করেন রমনা থানা বিএনপির সভাপতি মো. আশরাফুল ইসলাম।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগ আমলে নিয়ে আসামি নাসীরুদ্দীন পাটোয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন। বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হন নাসীরুদ্দীন পাটোয়ারী। এরপর থেকেই তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে মির্জা আব্বাসের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছিলেন।

সর্বশেষ গত ৫ মার্চ বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নাসিরুদ্দীনের একটি বক্তব্য ভাইরাল হয়, যেখানে তিনি মির্জা আব্বাসকে ‘বাংলাদেশের এক নম্বর গডফাদার’ হিসেবে আখ্যায়িত করেন।

বাদীর দাবি, নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে মির্জা আব্বাসের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে কালিমা লেপন করতে এবং জনমনে তার সম্মান ক্ষুণ্ণ করতেই নাসিরুদ্দীন পাটোয়ারী এমন কুরুচিপূর্ণ ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য ছড়াচ্ছেন। এসব মিথ্যা তথ্যের কারণে মির্জা আব্বাসের ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত