Advertisement Banner

মোসাব্বির হত্যা: একজনের দায় স্বীকার, রিমান্ডে তিনজন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
মোসাব্বির হত্যা: একজনের দায় স্বীকার, রিমান্ডে তিনজন
আজিজুর রহমান মোসাব্বির। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার মামলায় এক আসামি দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তিন আসামিকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার আসামিদের আদালতে আনা হয়।

আসামি জিন্নাত দায় স্বীকার করে জবানবন্দি দেওয়ার জন্য সম্মত হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক মুহাম্মদ আমিনুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, মো. বিল্লাল, মো. আব্দুল কাদির এবং মো. রিয়াজ।

আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

পরে আদালত আসামিদের বক্তব্য শুনতে চাইলে আব্দুল কাদির জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা নেই। সে সময় তিনি কাজে ছিলেন।

আসামি রিয়াজ জানান, একটি ফোনকলের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত নন।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর পশ্চিম তেজতুরী পাড়াস্থ হোটেল সুপার স্টারের পাশের গলিতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বিরকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। এতে মোসাব্বিরসহ দুজন গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই আহতদের স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন এবং সুফিয়ান বেপারী মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনায় গত শুক্রবার নিহতের স্ত্রী সুরাইয়া বেগম তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সম্পর্কিত