Advertisement Banner

বিশ্বকাপে পাকিস্তান না খেললে বাংলাদেশকে ডাকবে আইসিসি

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
বিশ্বকাপে পাকিস্তান না খেললে বাংলাদেশকে ডাকবে আইসিসি
বিশ্বকাপে পাকিস্তান না খেললে বাংলাদেশকে ডাকতে পারে আইসিসি। ছবি: রয়টার্স

টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখা করে তাকে বিষয়টি জানিয়েছেন। এর আগে নকভি লাহোরে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, বিশ্বকাপে বাংলাদেশ না থাকলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের মতো সিদ্ধান্ত নিতে পারে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফেরই বয়কটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা।

গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গ বৈঠকের পর নকভি জানিয়েছেন, বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কিনা, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার থেকে সোমবারের মধ্যে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মহসিন নকভিকে সম্ভাব্য সব বিকল্প চিন্তা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন।

ভারতে নিরাপত্তাশঙ্কায় বিশ্বকাপ না খেলার কথা জানিয়ে গত ৪ জানুয়ারি আইসিসিকে ভেন্যু বদলের অনুরোধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২১ জানুয়ারি বোর্ডসভার পর আইসিসি জানায়, বাংলাদেশকে পূর্বসূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে। এরপর গত শনিবার বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভূক্ত করার কথা বিসিবিকে জানায় আইসিসি।

এদিকে, ভারতের হিন্দুস্তান টাইমসের এক খবরে জানা গেছে, বিশ্বকাপে পাকিস্তান যদি অংশগ্রহণ না করে, তাহলে আইসিসি পাকিস্তানের জায়গায় বাংলাদেশকেই নাকি নতুন করে আমন্ত্রণ জানানোর কথা চিন্তা করছে। আইসিসি সংশ্লিষ্ট একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেই নাকি হিন্দুস্তান টাইমস এমন ভাবনার কথা জানতে পেরেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নকভি শাহবাজ শরীফের কাছে আইসিসির বিভিন্ন অনিয়ম তুলে ধরেছেন। ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে অস্বীকার করেছিল। তখন আইসিসি তাদের বিকল্প ভেন্যুর ব্যবস্থা করে দেয়।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোকে সূত্র জানিয়েছে, নাকভি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আইসিসির অনিয়ম তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে অস্বীকার করেছিল, কিন্তু তখন তাদের জন্য বিকল্প ভেন্যু দেওয়া হয়েছিল। বাংলাদেশের বিষয় নিয়ে তিনি বলেছেন, নিরাপত্তাজনিত উদ্বেগ থেকে বাংলাদেশ ভারতে যেতে চায়নি। কিন্তু তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার পাশাপাশি বদলি হিসেবে স্কটল্যান্ডকে নেওয়া হয়। তিনি এটিকে আইসিসির দ্বিমুখী আচরণ বলে উল্লেখ করেছেন।

পাকিস্তান মনে করে, তারা যদি বিশ্বকাপ খেলতে না যায়, তাহলে সেটি ভারতের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির বিষয় হবে।

সম্পর্কিত