খুলনার তেরখাদায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার মধুপুর শ্যামনগরের পুরাতন প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- উপজেলার মধুপুর গ্রামের সামিউল শেখ (২৮), একই গ্রামের মাজাহারুল কাজী (২২) ও শাহাজাহান শরীফ (৩৮)।
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী নদী পার হয়ে দিঘলিয়া যাওয়ার জন্য তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের বেলেঘাটে অপেক্ষা করছিলেন। সে সময় জেলেরা তাকে নদী পার করে দেওয়ার কথা বললে তিনি নৌকায় ওঠে। জেলেরা নৌকা দিঘলিয়ার দিকে না নিয়ে মধুপুর শ্যামনগরের পুরাতন প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে নিয়ে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠায়। পরে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করে।
পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, “ঘটনার সাথে জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”