Advertisement Banner

হাইফা, তেল আবিব ও জেরুজালেমে হামলার দাবি ইরানের

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
হাইফা, তেল আবিব ও জেরুজালেমে হামলার দাবি ইরানের
ইসরায়েলে ড্রোন হামলা চালিয়োছে ইরান। ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলের বিভিন্ন শহর এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ৩৭তম দফায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। টানা তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অভিযানে নতুন প্রজন্মের ‘সুপার-হেভি খোররামশাহর’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কয়েক স্তরের সমন্বিত হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান।

ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। এ ছাড়া বির ইয়াকুব, পশ্চিম জেরুজালেম এবং হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (ফিফথ ফ্লিট) সদর দপ্তরেও ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে।

লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত লক্ষ্যভিত্তিক ও শক্তিশালী হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছে আইআরজিসি। সেই সঙ্গে বাহিনীটি বলেছে, এই যুদ্ধে তারা কেবল শত্রুর সম্পূর্ণ আত্মসমর্পণের কথাই ভাবছি।

এর আগে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবের কাছে আঘাত হানলে কয়েকজন আহত হন বলে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা।

সম্পর্কিত