Advertisement Banner

প্রথমবার সংসদে গিয়েই ডেপুটি স্পিকার কায়সার কামাল

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
প্রথমবার সংসদে গিয়েই ডেপুটি স্পিকার কায়সার কামাল
নেত্রকোনা–১ আসন থেকে এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কায়সার কামাল। ছবি: সংগৃহীত

নেত্রকোনা–১ আসন থেকে এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কায়সার কামাল। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় তিনি ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বও পেয়েছিলেন। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনিই ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হলেন। কায়সার কামাল বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব।

কায়সার কামাল ১৯৭২ সালের ৩১ ডিসেম্বর নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চত্রাংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত মোস্তফা কামাল মনছুর এবং মা বেগম জোবায়দা কামাল।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি আছে কায়সার কামালের। এরপর উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। আইন পেশায় সুপ্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তার তত্ত্বাবধানেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

স্পিকার ও ডেপুটি স্পিকার পদে একটি করে মনোনয়ন থাকায় স্পিকার ও ডেপুটি স্পিকার দুজনই নির্বাচিত হয়েছেন সর্ব সম্মতিক্রমে।

ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামালের নাম প্রস্তাব করেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তাঁকে সমর্থন করেন আরেক হুইপ এবিএম আশরাফউদ্দিন নিজান।

সম্পর্কিত