হঠাৎ অসুস্থ হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজ বৃহস্পতিবার চরচাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে ড. আব্দুল মঈন খান বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে ড. মঈন খানের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।
প্রবীণ এই রাজনীতিক ও মন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।