Advertisement Banner

‘নিবন্ধন নিয়ে নয়ছয় মানা হবে না, জুলাই যোদ্ধারাই এ দলের প্রাণ’

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
‘নিবন্ধন নিয়ে নয়ছয় মানা হবে না, জুলাই যোদ্ধারাই এ দলের প্রাণ’
বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন। ছবি: চরচা

নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন নিয়ে শুনানি শেষে অভিযোগ করেছে বাংলাদেশ আমজনগণ পার্টি (বিএজেপি)।

আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে আম জনগণ পার্টির নিবন্ধন ইস্যুতে এই শুনানি হয়।

শুনানি শেষে সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেন, “যেসব জেলা ও উপজেলায় আমরা কমিটি দেইনি, সেখান থেকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেতিবাচক প্রতিবেদন দিয়েছে। এটি পরিষ্কার একটি ষড়যন্ত্র। আমাদের মৌলিক রাজনৈতিক অধিকার চর্চায় বাধা দেওয়া হচ্ছে। তবে আমরা বিশ্বাস করি ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং আমাদের দল নিবন্ধন পাবে।”

ফাতিমা তাসনিম আরও বলেন, “দলের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। অভিযোগ মূলত ব্যবসা কেন্দ্রিক এবং ব্যক্তিগত। ব্যক্তিগত কোনো বিষয়ের দায় দল নেবে না, সেটি আইন-আদালত দেখবে। আমাদের সামনের সারিতে যারা আছেন, তারা সবাই জুলাই বিপ্লবের যোদ্ধা। নিবন্ধন নিয়ে আর কোনো ছয়নয় করা হলে তা মেনে নেওয়া হবে না।”

বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন ডেসটিনির সঙ্গে সম্পৃক্ততার খবরকে মিথ্যা দাবি করে বলেন, “ডেসটিনির সকল অফিস বহু বছর ধরে বন্ধ। সেই অফিস আমরা দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছি। এমন তথ্য সঠিক নয়। এছাড়া এটি ডেসটিনির উদ্যোক্তাদের দল, এটিও মিথ্যা প্রচারণা বরং গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দল থেকে অনেকে এখানে এসেছেন।”

রফিকুল আমীন আরও বলেন, “আমাদের যথাযথ কমিটি ও কার্যালয় রয়েছে। আমরা আশা করি নির্বাচন কমিশন সত্য উদঘাটন করবে এবং আমরা ন্যায়বিচার পাব।”

গণবিজ্ঞপ্তি জারির ৩ মাস ২২ দিন পরে এই শুনানিতে চারজন নির্বাচন কমিশনার এবং আম জানগণ পার্টির আহ্বায়ক ও সদস্য সচিব উপস্থিত ছিলেন। তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও ইসি সচিব সভায় উপস্থিত ছিলেন না।

সম্পর্কিত