মাদকবিরোধী অভিযানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোড়ে ডিএমপির মিড়িয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানান তিনি।
গতকাল শনিবার প্রতিমন্ত্রী ইশরাকের ভেরিফায়েড আইডিতে প্রকাশ করা এক ভিডিওতে দেখা গেছে, ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অভিযানের সময় তার হাতে আগ্নেয়াস্ত্রও দেখা যায়। ভিডিওতে তাকে চিৎকার করে ‘এই ধর ধর ধর’ বলতে শোনা যায়।
সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম বলেন, ডিএমপি ওয়ারী বিভাগের ডিসিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
জনপ্রতিনিধিরা কি এভাবে অস্ত্রসহ অভিযান পরিচালনা করতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ‘‘এখনই এই বিষয়টাকে মূল্যায়নের সময় আসেনি। আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করতে বলেছি। যদি কোনো আইনের ব্যত্যয় ঘটে আমরা আইনত ব্যবস্তা নিবো।’’
পুলিশের কাজ কী একজন জনপ্রতিনিধি করতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘এই ব্যপারে আর মন্তব্য না করা ভালো।’’