সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করার আবেদন করেছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
আজ সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে এ আবেদন করেন তিনি।
মামলায় অভিযুক্তরা হলেন তার সাবেক স্ত্রী মোছা. সাথী খাতুন, তার সহযোগী আহসান হাবিব সেলিম ও মো. মহিদুল ইসলাম।
হিরো আলমের পক্ষের আইনজীবী শান্তা সাকছিনা জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আদালতে করা অভিযোগে বলা হয়, সাথী খাতুন তার কাছে এসে মিউজিক ভিডিওতে কাজের সুযোগ দেওয়ার অনুরোধ করেন। পরে সংসারের খরচ ও পোশাক কেনার জন্য তাকে অর্থ দেন হিরো আলম।
অভিযোগে আরও বলা হয়, গত ১৭ আগস্ট সাথী খাতুনকে আরও পাঁচ লাখ টাকা দেওয়া হয়। পরে ওই অর্থ ব্যাংকে জমা রাখার কথা তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকার করেন।
গত ২২ আগস্ট ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পর সাথী খাতুন মিউজিক ভিডিওর শুটিং ও সাজসজ্জার জন্য আরও দুই লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করেন হিরো আলম।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, গত ২৯ সেপ্টেম্বর সাথী খাতুনকে তালাক দেওয়ার পর তিন অভিযুক্ত মিলে হিরো আলমের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও তার পরিবারের সদস্যদের গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, গত ১২ অক্টোবর অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে এসে হিরো আলমের জন্মদিনের অনুষ্ঠানে জনসমক্ষে লাইভে বিষপান করার এবং তাকে জেলে পাঠানোর হুমকি দেন। এ ঘটনায় হিরো আলম গত ১৬ অক্টোবর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।