রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে।
গতকাল শনিবার আসিফ আকবর নিজে বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলাটি করেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান চরচাকে বলেন, “গতকাল রাতে
আসিফ আকবর নিজে থানায় এসে মামলাটি করেন। তবে এখনও আমরা কাউকে আটক করা হয়নি।”
উল্লেখ্য, গতকাল ভোর সাড়ে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে তার গাড়িতে গুলির ঘটনা ঘটে।
আসিফ আকবর জানান, ভোরে বিশাল সেন্টারের সামনে তার গাড়িটি পার্ক করা ছিল। সে সময় তিনি শপিং মলের ওপরের তলায় নিজের ব্যক্তিগত কার্যালয়ে ছিলেন এবং নিচে নেমে গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে হাতিরঝিল থানার পুলিশ একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান এই সংগীতশিল্পী।