খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় আলভী (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর জোড়াগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলভী নগরীর মুজগুন্নী আবাসিক এলাকার বাবুল আক্তারের ছেলে। তিনি এসএসসি পাস করে নগরীর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে ভর্তি হয়েছিলেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত সোয়া ১টার দিকে মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিলেন আলভী। নগরীর জোড়াগেট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ইটের দেয়ালে ধাক্কা লাগে। এতে তার মাথায় আঘাত লাগে। পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই মিরাজ জানান, থানার মোবাইল ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা আলভীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। সেটি উদ্ধার করে জোড়াগেট এলাকায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগের হেফাজতে রাখা হয়েছে।