কক্সবাজারের হিমছড়িতে সাগরে গোসলে নেমে নিখোঁজ দুজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হিমছড়ি সৈকতের সাগর বিলাস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর ইউএনবির।
নিহত মোহাম্মদ হারুন (২০) চট্টগ্রামের বায়েজিদ থানার শেরশাহ জামতলা এলাকার মোহাম্মদ কবিরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান।
গতকাল বুধবার বিকেল ৫টার দিকে মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এই দুর্ঘটনা ঘটে।জেলা প্রশাসনের নিয়োগ দেওয়া সৈকতকর্মী মাহবুবুর রহমান বলেন, যেখানে অন্য তিনজন ডুবে মারা গিয়েছিলেন, তার কাছেই স্থানীয় লোকজন মোহাম্মদ হারুনের মরদেহটি দেখতে পান।
মাহবুবুর রহমান বলেন, ফায়ার সার্ভিস ও হিমছড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
গতকাল আরও তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন- ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকার মোকররম হোসেনের ছেলে আল মাহিবুল ইবনে মোকররম রোহান (২৩), দক্ষিণখান এলাকার মাহবুবুল হকের ছেলে সাইফুল হক জিসান (২৩) এবং উত্তরার আজিমপুর এলাকার নবীবুর রহমানের ছেলে নাফিসুল হক (২২)।
স্থানীয়রা জানান, বুধবার পর্যটকদের দুটি দল পেচার দ্বীপ জাদুঘরের কাছে রেজু খাল পার হয়ে খাল ও সাগরের মাঝখানে জেগে ওঠা একটি নতুন বালুচরে যায়।
বিকেলে জোয়ার শুরু হলে পানির উচ্চতা বাড়তে থাকে। একপর্যায়ে বালুচরটি পানিতে ডুবে যায়। এতে কয়েকজন পর্যটক পানিতে আটকা পড়েন।
স্থানীয়রা চট্টগ্রাম থেকে আসা একটি পর্যটক দলের তিন সদস্যকে জীবিত উদ্ধার করেন। উদ্ধার হওয়া তিনজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিখোঁজ বাকি পর্যটকের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।