রাঙ্গামাটির সাজেকের উজোবাজারে অবরোধকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর অন্তত ৫ জন সদস্য।
আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) আব্দুর রকিব এসব জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুরোপুরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
এসপি আব্দুর রকিব জানান, সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার সুবিধার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবরোধকারীদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। এ সময় তারা নিরাপত্তা বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে ৩ থেকে ৪ জন সেনাসদস্য এবং দুজন পুলিশ সদস্য আহত হন। একপর্যায়ে অবরোধকারীরা গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই গোলাগুলি চলে।
পুলিশ সুপার আরও জানান, বর্তমানে উজোবাজার এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে এবং সাজেকে থাকা সব পর্যটক নিরাপদে ফিরে গেছেন।
এই সংঘর্ষের ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।