খুলনার রূপসা এলাকার একটি মাছের ঘের থেকে বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩২) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের মোমিনবাগ এলাকার বিপ্লব পালের মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুখ বলেন, আজ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে জাতীয় জরুরি সেবার মাধ্যমে মরদেহের খবর পায় পুলিশ। পরে মরদেহ উদ্ধার করা হয়। বাপ্পির ঘাড়ের ডানপাশের কাঁধে দু’টি গুলি এবং কপাল ও মাথার পেছনে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আব্দুস সবুর বলেন, বাপ্পির বাড়ি আলাইপুরে হলেও তার কোনো স্থায়ী ঠিকানা নেই। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে।
আব্দুস সবুর জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান চলছে।