যুক্তরাষ্ট্রের হামলায় ওমান উপসাগরে ইরানের তেলবাহী একটি ট্যাংকার ডুবে গেছে। স্থানীয় সময় গতকাল শনিবার চালানো ওই হামলায় আরও দুটি তেলবাহী জাহাজকে ‘স্থায়ীভাবে অচল’ করে দেওয়া হয়েছে। খবর বিবিসির।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট দুটি তেলবাহী জাহাজকে ‘স্থায়ীভাবে অচল’ করে দেওয়া হয়েছে। এছাড়া ওমান উপসাগরে তৃতীয় একটি জাহাজ ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, জবাবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি জাহাজে হামলা চালিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালির মধ্য দিয়ে ‘অনুমোদনহীন’ পথে চলাচলকারী তিনটি তেলবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে।
শনিবারের হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শুক্রবার ইরানের সঙ্গে চলমান সংঘাতকে ‘ছোটখাটো বিষয়’ বলে মন্তব্য করেছেন।
ইরানের সর্বশেষ পাল্টা হামলার খবর প্রকাশের কয়েক ঘণ্টা আগে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “বিষয়টি সহজ। ইরান যদি মার্কিন জাহাজে হামলা চালায়, তাহলে আমরা তাদের তেলবাহী জাহাজ ধ্বংস করব এবং ডুবিয়ে দেব।”
মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি তেলবাহী জাহাজে হামলা চালানোর আগে ইরান দুটি মার্কিন যুদ্ধজাহাজে হামলার চেষ্টা করেছিল।