শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে ৫০০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার এই তথ্য জানিয়েছেন দেশটির পুলিশপ্রধান আহমেদরেজা রাদান।
রাদান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এসব ঘটনার অর্ধেকই গুরুতর বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে এমন লোকজন রয়েছেন, যারা শত্রুদের হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে তথ্য সরবরাহ করেছেন। আবার কেউ কেউ হামলার স্থানগুলোর ভিডিও বা ছবি ধারণ করে তা শত্রুদের পাঠিয়েছেন।
তবে এই ব্যক্তিদের ঠিক কবে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি রাদান।
এর আগে রোববার ইরানের বিভিন্ন অঞ্চলে ডজনখানেক মানুষকে গ্রেপ্তারের খবর দিয়েছে দেশটির গণমাধ্যম তাসনিম নিউজ।
গণমাধ্যমটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম ইরানে প্রাদেশিক প্রসিকিউটর কার্যালয়ের অভিযোগের ভিত্তিতে ২০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইসরায়েলের কাছে ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থানের তথ্য পাঠিয়েছিল।
উত্তর-পূর্বাঞ্চলেও আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তাসনিম নিউজ। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে সংবেদনশীল স্থাপনা ও অর্থনৈতিক অবকাঠামো সম্পর্কিত তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয়েছে।
রয়টার্স জানিয়েছে, তথ্যদাতাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিরাপত্তা চেকপয়েন্টগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক কৌশল সম্পর্কে অবগত একটি সূত্র জানায়, এটি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলার নতুন একটি পর্যায়ের ইঙ্গিত দিচ্ছে।
এর আগে, জানুয়ারিতে ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। সে সময় কর্তৃপক্ষ অভিযোগ করেছিল, ইরানের ধর্মীয় নেতৃত্বাধীন শাসনব্যবস্থা উৎখাতের জন্য ওই বিক্ষোভে উসকানি দিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।