Advertisement Banner

ওয়ারীতে রেষ্টুরেন্টে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৮

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ওয়ারীতে রেষ্টুরেন্টে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৮
প্রতীকী ছবি। এআই দিয়ে তৈরি

রাজধানীর ওয়ারীতে একটি রেস্টুরেন্টে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে বাবুর্চীসহ আট জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে ওয়ারীর পাস্তা ক্লাবের তৃতীয়তলার রান্নাঘরে এই দুর্ঘটনা ঘটে।

পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এরমধ্যে জসিম (২০) ও কামরুল (৩২) নামের দুজনকে জাতীয় বার্ন ইন্সটিটিউট ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অন্য আহতেরা হলেন হোটেলের ক্যাশিয়ার শাহ আলাম (৪৫), কর্মচারী ইউনুস (৩০),সৌরভ (২৫), মেহেদী (২৫), মোস্তফা (২৭) ও আবির (২২)।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন হারুনুর রশিদ জানিয়েছেন, দগ্ধদের মধ্যে কামরুলের আট শতাংশ ও জসিমের তিন শতাংশ দগ্ধ হয়েছে। অন্য আহতদের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা রেস্টুরেন্টের আরেক কর্মচারী ইউসুফ শেখ জানায়, রেস্তোরাঁর তৃতীয় তলায় হোটেলের রান্নাঘরে হঠাৎ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে সেখানে থাকা সবাই আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহতদের মধ্যে ছয়জনকে জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দুজনকে বার্ন ইউনিটে ভর্তি রেখে চিকিৎসা চলছে।

সম্পর্কিত