Advertisement Banner

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত এমটিওদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত এমটিওদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

এনআরবিসি ব্যাংকের নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) জন্য দিনব্যাপী এক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের ব্যাংকিং জগতের চ্যালেঞ্জ মোকাবিলায় দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান। এ ছাড়া ব্যাংকের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, একজন সফল ব্যাংকারের মূল ভিত্তি হলো সততা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা। তিনি নবীনদের মেধাভিত্তিক ব্যাংকিং চর্চার ওপর গুরুত্বারোপ করেন। ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে কেবল তাত্ত্বিক নয়, বরং বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান চেয়ারম্যান।

এমডি ও সিও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ব্যাংকের সেবার মান ধরে রাখা এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করাই নতুন কর্মকর্তাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। সময়ের সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক ব্যাংকিং প্রযুক্তি ও কৌশল আয়ত্ত করার মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

ওরিয়েন্টেশন শেষে নবীন কর্মকর্তারা ব্যাংকিং ক্যারিয়ারে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ব্যাংকের ঊর্ধ্বতনরা আশা প্রকাশ করেন, এই নতুন ব্যাচের কর্মকর্তারা এনআরবিসি ব্যাংকের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সম্পর্কিত