Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> ভাবনা

দিল্লির জেনজি আন্দোলনে টালমাটাল মোদির গদি!

সোহরাব হাসান

সোহরাব হাসান

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১৬: ২৫
দিল্লির জেনজি আন্দোলনে টালমাটাল মোদির গদি!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: রয়টার্স

তরুণদের ক্ষেপিয়ে কোনো দেশের শাসকেরা যে টিকতে পারেন না, সেটা নিকট অতীতে বাংলাদেশ ও নেপাল প্রমাণ করেছে।

Advertisement

এক মাসেরও কম সময়ের আন্দোলনে কুরসি চিরস্থায়ী ধরে নেওয়া শাসকেরা বিদায় নিয়েছেন, কেউ কেউ দেশত্যাগেও বাধ্য হয়েছেন। শ্রীলঙ্কার আন্দোনে অবশ্য জেনজি’রা নেতৃত্বের আসনে ছিল না, তবে সেখানেও তরুণেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাকিস্তানে বর্তমানে ইমরান খানের মুক্তির দাবিতে যে আন্দোলন হচ্ছে, তারও পুরোভাগে তরুণেরা।

এই প্রেক্ষাপটে আমরা দিল্লিতে চলমান ককরোচ জনতা পার্টির বা জেনজি তরুণদের আন্দোলনকে কীভাবে ব্যাখ্যা করব? জুলাইয়ে তারা আন্দোলন শুরু করেছিল একটি অরাজনৈতিক ইস্যুকে সামনে রেখে, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ এনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছিলেন। সেই দাবিতে ভারতের বিভিন্ন রাজ্যে তরুণেরা যোগ দিলেও দিল্লির সমাবেশ শক্তিধর নরেন্দ্র মোদি সরকারেরও ভিত কাঁপিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত মোদি সরকার জেনজি আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করে। জুলাইয়ের আন্দোলন সেখানেই সমাপ্ত হয়। ওদিকে বাংলাদেশে দু্ই বছর আগের জুলাইয়ে কোটাবিরোধী আন্দোলন এক দফার আন্দোলনে রূপ নেয় ক্ষমতাসীনদের আহম্মকির কারণে।

অক্টোবরে যেই দাবি নিয়ে ককরোচ জনতা পার্টি আন্দোলন করছে, সেটা পুরোপুরি রাজনৈতিক। দিল্লির কেন্দ্রস্থল যন্তর মন্তরে তারা যে সমাবেশ ডেকেছিল তাতেই মোদি সরকারের গদিতে কম্পন শুরু হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
সিজেপির আন্দোলনকে কেন্দ্র করে এ পর্যন্ত আটক হয়েছে প্রায় ৬ হাজার মানুষ। ছবি: সংগৃহীত
সিজেপির আন্দোলনকে কেন্দ্র করে এ পর্যন্ত আটক হয়েছে প্রায় ৬ হাজার মানুষ। ছবি: সংগৃহীত

ককরোচ পার্টির দাবি, ভোটার যাচাই বাছাইয়ের নামে তের কোটি মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। অতএব, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে। তাদের স্লোগান হলো: ‘জ্ঞানেশ, ইটস ডান ব্রো’, ‘জ্ঞানেশ তুমি চলে যাও’ ইত্যাদি ইত্যাদি। এখানে উল্লেখ করা দরকার, যে কায়দায় ভোটার তালিকায় নাম ঝাড়া–মোছা করা হয়েছে, তার সঙ্গে অপর দুই কমিশনার সুখবীর সিং ও বিবেকী যোশী একমত ছিলেন না। সিইসি এককভাবে সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন।

ভারতের ডান, বাম সব বিরোধী দল ককরোচ পার্টির আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়েছে। বিরোধী দলের নেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনে ধরনা দিতে গিয়ে পুলিশের হেনস্তারও শিকার হয়েছেন। এর আগে বিরোধী দলের এমপিরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেন, যাতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের যুক্তি তুলে ধরা হয়। এই বৈঠক নিয়েও কংগ্রেস ও বিজেপির মধ্যে কথার লড়াই চলছে।

১০ অক্টোবরের কর্মসূচিকে কেন্দ্র করে মোদি সরকার পুরো দিল্লি শহরকেই অবরুদ্ধ করে দেয়। দিল্লির মেট্রোর সব স্টেশন বন্ধ রাখার পাশাপাশি দিল্লিগামী বাস, ট্রেনও বন্ধ করে দেয় তারা। উড়োজাহাজ থেকে নামিয়ে দেয় ককরোচ পার্টির নেতা অভিজিৎ দীপকেসহ কয়েকজনকে। আটক করে বামপন্থী ছাত্রনেতা নেহা বোরাকে। আন্দোলনে যোগ দিতে এসে বিরোধী দলের কয়েক হাজার নেতা–কর্মী আটক হয়েছেন, যাদের মধ্যে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারও আছেন। অবশ্য কয়েক ঘন্টা পর তাদের ছেড়েও দেওয়া হয়েছে। আটকাবস্থা থেকে বেরিয়ে এসে অভিজিৎ দীপকে সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, মোদির ক্ষমতায় থাকা ভারতের জনগণের জন্য অস্বস্তিকর। তিনি প্রধানমন্ত্রীকে ‘কাপুরুষ’ ও ‘জুলুমবাজ’ বলেও অভিহিত করেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

অনেকেই প্রশ্ন তুলেছেন, বাংলাদেশ ও নেপালে জেনজি আন্দোলন যেভাবে সরকারের পতন ঘটিয়েছে ভারতে তার পুনরাবৃত্তি ঘটবে কি না। প্রথমত, ভারতের জেনজিরা এখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের পদত্যাগ দাবি করেনি। তারা কেবল প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ চেয়েছে।

ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর আন্দোলন। ছবি: সিএনএন
ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর আন্দোলন। ছবি: সিএনএন

দ্বিতীয়ত, ৭৯ বছর বয়সের ভারতে এ পর্যন্ত নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন ঘটেনি। বিরোধী দল বা জেনজিদের আন্দোলন বড়জোর সরকারকে আগাম নির্বাচন দিতে বাধ্য করতে পারে। কিন্তু সেখানেও সমস্যা আছে। ভারতের ২৯টি রাজ্যের মধ্যে বেশির ভাগ রাজ্য বিজেপি ও তাদের মিত্রদের শাসনাধীন। কংগ্রেস ও তাদের মিত্রদের হাতে গুটিকয়েক রাজ্য। এই দুর্বল অবস্থানে থেকে বিরোধী দলগুলো মোদি সরকারের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তুলতে পারবে কি না, সে বিষয়েও সন্দেহ আছে। তবে আগামী বছর যে কয়েকটি রাজ্যে বিধানসভার ভোট হবে, সেখানে বিরোধী দল ভালো ফল করতে পারলে পরবর্তী লোকসভা নির্বাচনে তারা সমানে সমান লড়াই করতে পারবে।

গত লোকসভা নির্বাচনে বিজেপি জোট জয়ী হলেও দুই–তৃতীয়াংশ আসন পায়নি। ফলে সংসদে যা খুশি করার অধিকার এখন নেই। তৃতীয়ত, বিরোধী দল তাদের ঐক্য ধরে রেখে নিজেদের শক্তি–সামর্থ্য বাড়াতে পারে কি না, তার ওপর রাজনীতির গতিপথ নির্ধারিত হবে।

এই আন্দোলন মোকাবিলায় বিজেপি সরকার কয়েকটি কৌশলগত ভুল করেছে। তারা মনে করেছে, অভিজিৎ দীপকেকে আটক করলে বা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করলে আন্দোলন ঠেকিয়ে দেওয়া যাবে। কিন্তু অভিজিৎরা আগেই ঠিক করে রেখেছিলেন যে, শীর্ষ নেতৃত্ব গ্রেপ্তার বা আটক হলে, কে কোথায় দায়িত্ব পালন করবেন।

এখানে একটি কথা বলা প্রয়োজন যে, ককরোচ পার্টি বা ভারতের জেনজিরা ক্ষমতায় যাওয়ার জন্য এই আন্দোলন করছে না। তারা আন্দোলন করছে দেশবাসীর একাংশের ভোটাধিকার হরণের প্রতিকার পেতে। সাংবিধানিক প্রতিষ্ঠানের নাহক কর্মকাণ্ডের বিরুদ্ধে। ফলে সাধারণ মানুষের সমর্থনও পাচ্ছে তারা।

চলতি বছর পশ্চিমবঙ্গের নির্বাচনেও ভোটার তালিকার কারসাজির বিষয়টি আলোচনায় আসে। যেখানে আগের নির্বাচনে বিজেপি গো–হারা হেরেছিল, সেখানে এবারের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়া অনেকের মনে প্রশ্ন জাগিয়েছে। কিন্তু তথ্যপ্রমাণের অভাবে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনকে দায়ী করা যায়নি। পরে এ নিয়ে ভারতের স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী সংবাদে গুরুতর অনিয়মের অভিযোগ ওঠে। এখন জেনজিরা জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যেই আন্দোলন করছে, সেটি সফল হলে হয়তো রহস্য পুরোপুরি খোলাসা হবে। জেনজি আন্দোলনের ফল যাই হোক না কেন, পুরনো পদ্ধতিতে আর রাজনীতি চলবে না। ধর্মের আফিম খাইয়েও মানুষকে বেশি দিন বুঁদ করে রাখা যাবে না। এখন সরকারি ও বিরোধী দল সবাইকে জনজীবনের সমস্যা সমাধানের দিকেই নজর দিতে হবে।

লেখক: সম্পাদক, চরচা

বিষয়: ভারতরাজনীতিমোদিবিরোধীপুলিশ
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • প্রবাসী শ্রমিকেরা কি কেবলই লাশ, কেবলই গিনিপিগ?

    প্রবাসী শ্রমিকেরা কি কেবলই লাশ, কেবলই গিনিপিগ?

    চলতি বছর জানুয়ারি থেকে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত (মোট ২৭৩ দিন) ৯ মাসে দেশে এসেছে চার হাজার ৬০টি মরদেহ। এ হিসাবে দিনে মরদেহ এসেছে গড়ে ১৪টির বেশি। সবচেয়ে বেশি কর্মী মারা যান সৌদি আরবে, দুই হাজারের মতো। সরকার প্রবাসী কার্ড দেবে, ভালো কথা। কিন্তু বিদেশে গিয়ে যারা লাশ বা পঙ্গু হয়ে ফিরে আসেন, তাদের তো

  • স্লোগান ও গ্রেপ্তার: শব্দ নয়, অপরাধের বিচার হোক

    স্লোগান ও গ্রেপ্তার: শব্দ নয়, অপরাধের বিচার হোক

    স্লোগান ঘিরে রাজনৈতিক অসহিষ্ণুতা ও গ্রেপ্তারের ঘটনায় একটি প্রশ্ন সামনে আসে। আর তা হলো, সমস্যা স্লোগানের উচ্চারণে, নাকি অপব্যবহারে? কারণ, রাজনীতির মাঠ-ময়দানে উচ্চারিত একটি স্লোগান কখনো কেবল কয়েকটি শব্দের সমষ্টি নয়: ইতিহাস, আবেগ, পরিচয়, রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং কখনো কখনো মানুষের আত্মত্যাগের স্মৃতি। দৃষ্

  • আন্তর্জাতিক ব্যবস্থা: দুধের বোতল থেকে বিশ্বরাজনীতির শিক্ষা

    আন্তর্জাতিক ব্যবস্থা: দুধের বোতল থেকে বিশ্বরাজনীতির শিক্ষা

    সুপারমার্কেট থেকে দুই শতাংশ চর্বিযুক্ত দুধের একটি বোতল কেনার সময় সাধারণত কেউ আন্তর্জাতিক রাজনীতির কথা ভাবেন না। ক্রেতার প্রত্যাশা থাকে, বোতলের গায়ে যা লেখা আছে, ভেতরের পণ্যও ঠিক তা-ই হবে। কিন্তু এই সাধারণ আস্থার পেছনেও রয়েছে আন্তর্জাতিক নিয়ম, মান নির্ধারণ এবং পারস্পরিক বিশ্বাসের একটি বিস্তৃত

  • অর্থনীতির নাজুক অবস্থায় সচিবালয় স্থানান্তর খুব কি জরুরি?

    অর্থনীতির নাজুক অবস্থায় সচিবালয় স্থানান্তর খুব কি জরুরি?

    বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য জানাচ্ছে, বাজেটের আওতাধীন দৈনন্দিন ব্যয় মেটাতে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংক থেকে নেওয়া সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজর ২৪৫ কোটি টাকা। একই ধারাবাহিকতায় নভেম্বরের গোড়াতে সরকারি কর্মচারীদেরকে নতুন বেতন স্কেলে অক্টোবর মাসের বেতন