ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও ভালোভাবে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ রোববার নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
সিইসি এ এম এম নাসির উদ্দিম বলেন, “ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী রাখা হবে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে মনিটরিং সেল কাজ করেছে, একইভাবে এ উপনির্বাচনেও তা কাজ করবে বলে জানান তিনি। সিইসি বলেন, “নির্বাচন কমিশন ভালো নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। নির্বাচনী মাঠের পরিবেশ ভালো আছে।”
মনোনয়নপত্র জমার শেষ দিন আজ
তফসিল অনুযায়ী, আজ রোববার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ আসনে ভোটগ্রহণ হবে।