জমি নিয়ে বিরোধের কারণে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, হামলা সালমান মুক্তাদিরের স্টুডিওকে টার্গেট করে নয়, টার্গেট হয়েছিল ‘নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেড’।
আজ রোববার দুপুর ১২টার দিকে চরচাকে এই তথ্য নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে তিনজনকে আটক করা হয়েছে।
গিয়াস উদ্দিন বলেন, ‘‘জমি নিয়ে ‘নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেড’ এবং মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের মধ্যে বিরোধ রয়েছে। এই বিরোধের জেরে হামলা করা হয়। ওখানে সালমান মুক্তাদিরের স্টুডিও ছিল। হামলাকারীরা গোলাম মহিউদ্দিনের লোক।’’
জানা গেছে, নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে সালমান মুক্তাদির সেখানে তার স্টুডিও তৈরি করেছিলেন।
শনিবার রাতে সালমান মুক্তাদিরের স্টুডিতে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এই হামলার জন্য চাঁদাবাজদের দায়ী করে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।
লাইভে এসে সালমান বলেন, ‘‘এটা আমাদের স্টুডিওর শেষ ট্রিপ। একটু আগে এখানে হামলা হয়েছে এবং পুরো স্টুডিও ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশে শিল্প, সংস্কৃতি ও বিনোদন জগতে এমন নান্দনিক স্টুডিও আর দ্বিতীয়টি ছিল না। আজ সেই জিনিসটা ধ্বংস হয়ে গেল।’’