বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও প্রযুক্তি হস্তান্তর বাড়াতে জাপানের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ সোমবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে দেশটির আইনপ্রণেতাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ সহযোগিতা চান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন বলেন, “টোকিওর ইম্পেরিয়াল হোটেলে স্থানীয় সময় বিকেল ৩টায় জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের (জেবিপিএফএল) প্রতিনিধিদলটি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।”
বৈঠকে উভয়পক্ষ রাজনৈতিক, অর্থনৈতিক ও জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে।
জাপানের কাছে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি, দক্ষ জনশক্তি তৈরি এবং মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জাপানের অব্যাহত সহায়তা পাওয়ার আশাও প্রকাশ করেন তিনি।
তারো আসো ও জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। এমন সফর সংসদীয় বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান।
স্থানীয় সময় সকাল ৯টার দিকে টোকিওতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের এ সরকারি দ্বিপক্ষীয় এই সফরে তিনি ১৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।