দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার অনুমোদন দিলে পুলিশ ক্রসফায়ার করতে পিছপা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন আছে।
আজ সোমবার রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেমের’ আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি।
আইজিপি বলেন, ‘‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ।’’
আলী হোসেন ফকির বলেন, ‘‘আইন সংবিধান অনুযায়ী অপরাধ দমনে যা প্রয়োজন তাই করা হবে। সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন রয়েছে। স্বাধীনতা আছে বলে যা ইচ্ছা, তা করা যাবে না।’’
আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোও ঠিক নয়। এদিকে, পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন তিনি।
আইজিপি জানান, গত দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের কথায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছে আইজিপি বলেন, ‘‘ফ্যাসিস্ট সরকারপ্রধান কবে দেশে আসবে, না আসবে সেটি দেখার বিষয় না। কার্যক্রম নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগের গুজবে কেউ কান দেবেন না।’’