Advertisement Banner

ভাসানচর থেকে পালানো শিশুসহ ৩৭ রোহিঙ্গা আটক

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ভাসানচর থেকে পালানো শিশুসহ ৩৭ রোহিঙ্গা আটক
ভাসানচরের আশ্রয়শিবির। ছবি: বাসস

ভাসানচরের আশ্রয়শিবির থেকে পালিয়ে যাওয়া ৩৭ রোহিঙ্গাকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়ন এলাকা থেকে আটক করেছে নৌবাহিনী ও পুলিশ। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে জানা যায়, আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদ নূর।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে যৌথ অভিযান চালিয়ে ইলিশের ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী এবং ২৩ জন শিশু–কিশোর রয়েছে।

ওসি জাহেদ নূর জানান, স্থানীয়রা সন্দেহজনকভাবে রোহিঙ্গাদের ঘোরাফেরা করতে দেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

আটক রোহিঙ্গাদের বরাতে ওসি জানান, দালালদের মাধ্যমে পাঁচ হাজার টাকার বিনিময়ে তাদের সীতাকুণ্ড উপকূলে পৌঁছে দেওয়ার কথা ছিল। গত মঙ্গলবার তারা ভাসানচর আশ্রয়শিবির থেকে বের হয়ে প্যারাবনে লুকিয়ে থাকে। পরদিন রাতে ছোট একটি নৌকায় করে সীতাকুণ্ডের উদ্দেশে রওনা দেয়। তবে নৌকাটি তীরের কাছে ডুবে গেলে পরে তাদের অন্য একটি নৌকায় তোলা হয়।

কিন্তু সীতাকুণ্ড পৌঁছানোর আগেই সেই নৌকার জ্বালানি শেষ হয়ে যায় এবং তারা তিনদিন ধরে সাগরে ভাসতে থাকে। পরে দালালরা তাদের সন্দ্বীপ ঘাটে নামিয়ে দেয়। এ সময় তাদের সঙ্গে থাকা টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয় বলে জানা গেছে।

বর্তমানে আটক রোহিঙ্গাদের সন্তোষপুর ইউনিয়ন পরিষদ ভবনে রাখা হয়েছে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময়ে তাদের আবার ভাসানচরের আশ্রয়শিবিরে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত