রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের চলমান কর্মবিরতি স্থগিত করা হয়েছে। আগামীকাল শুক্রবার সকাল থেকেই তারা কাজে যোগ দেবেন।
আজ বৃহস্পতিবার রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শামীম আহমেদ এ তথ্য জানান।
কয়েকটি দাবির প্রেক্ষিতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া কর্মবিরতি আজ বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত অব্যাহত ছিল। টানা ৩০ ঘণ্টা কর্মবিরতি পালনের পর প্রশাসনের আশ্বাসে তা স্থগিত করা হয়। এই সময়ের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিতে আসা শত শত সাধারণ রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হয়।
ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের চরম ঘাটতি চলছে। এর পাশাপাশি অতিরিক্ত দর্শনার্থী ও রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্বে থাকা আনসার বাহিনীর চরম অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকরা প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত মবের শিকার হচ্ছেন। ইতোমধ্যে একাধিক ইন্টার্ন চিকিৎসককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমনকি রোগীর লোকজনের উগ্র আচরণ ও হুমকির মুখে সম্প্রতি এক নারী ইন্টার্ন চিকিৎসককে বাধ্য হয়ে সাধারণ পোশাকে ওয়ার্ড ত্যাগ করতে হয়েছে। এছাড়া, হাসপাতালে কোনো অবজারভেশন রুম ও ক্যাজুয়ালিটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর অতিরিক্ত চাপ সামলাতে চিকিৎসকদের চরম হিমশিম খেতে হচ্ছে।
তাদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার সমস্যার কথা জানানো হলেও তারা কেবল আশ্বাসই দিয়ে গেছেন। অদ্যাবধি কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো হলো- ভর্তি ওয়ার্ডে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা, চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা দেওয়া, রোগীর সাথে সর্বোচ্চ দুজনের বেশি স্বজনকে ঢুকতে না দেওয়া, ভর্তি ও ভর্তির পরবর্তী দিনগুলোতে সকল ওয়ার্ডে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা এবং অনতিবিলম্বে ক্যাজুয়ালিটি বিভাগ চালু করা।