পুরান ঢাকার চকবাজারের ছোট কাটরায় ইউসুফ খান প্লাজা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার সকাল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এখনো আগুন নেভানোর কাজ চলছে। খবর বার্তা সংস্থা ইউএনবির।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন। এদিকে আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের চার কর্মী। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অসুস্থ চার কর্মী হলেন পলাশী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. জিল্লুর রহমান ও লিডার মো. নজরুল ইসলাম, সিদ্ধিক বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মারুফ এবং খিলগাঁও ফায়ার স্টেশনের লিডার মো. মাহাফুজুর হক মজুমদার।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টা ২ মিনিটে মার্কেটটিতে আগুন লাগে। প্রথমে আগুন নেভানোর কাজে পাঁচটি ইউনিট অংশ নেয়। পরে আগুন ছড়িয়ে পড়লে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।