নরসিংদীর মাধবদী উপজেলায় কালীবাড়ী ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে বয়লারের ত্রুটি থেকে আগুন লাগার ঘটনায় অন্তত পাঁচজন দগ্ধ হয়েছে। এ ছাড়া, আরও কয়েকজন আহত হয়েছে।
বুধবার বিকেল ৫টার দিকে মিলের বয়লারে ত্রুটি দেখা দিলে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
দগ্ধদের মধ্যে দুই টেকনিশিয়ানের অবস্থা আশঙ্কাজনক। তাদের নাম ফয়সাল আহমেদ ও রুবেল মিয়া। আগুনে দগ্ধ অন্য ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দগ্ধদের প্রথমে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
স্থানীয় লোকজন জানান, মিলের মালিক ইকবাল হোসেন ত্রুটিপূর্ণ বয়লারটি মেরামতের জন্য কারিগরদের ডেকে আনেন। এ সময় বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয় এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এ ঘটনায় ১০ থেকে ১২ জন আহত হয়েছে।
নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিমুল মো. রাফি (পিএফএম) জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত শুরু করা হবে।