ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন—এমন প্রচার চালিয়ে মাইকিং করার অভিযোগে নওগাঁর মান্দা উপজেলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য জানান। প্রচারে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নওগাঁর কাশোপাড়া ইউনিয়ন শাখার সভাপতি শহিদুল ইসলাম শহিদ (৪৩) এবং কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের মান্দা সদর ইউনিয়ন শাখার সভাপতি আবদুল জলিল সরকার (৫০)।
পুলিশ সুপার জানান, নওগাঁ ও রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকায় কাশোপাড়া ইউনিয়নের একটি খোলা মাঠে মাইকিং করে প্রচার চালানোর একটি সংক্ষিপ্ত ভিডিও অনলাইনে আপলোড করেন মোহাম্মদ আসলাম হোসেন টিপু ও আরও কয়েকজন।
বৃহস্পতিবার রাতে ভিডিওটি জেলা পুলিশের নজরে এলে তারা তদন্ত শুরু করেন। রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অভিযোগে পরে ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদে শহিদুল এ বিষয়ে অবগত থাকার কথা স্বীকার করেছেন। এ প্রচারের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশায় স্থাপিত মাইকে এক যুবক ঘোষণা দিচ্ছেন, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন।
ঘোষণায় তাকে স্বাগত জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচির জন্য দলের নেতা-কর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানানো হয়।