আওয়ামী লীগ ও বিএনপির চরিত্র এক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে দলের ঢাকা মহানগরী দক্ষিণের একটি সেমিনারে তিনি বলেন, “আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দলের নামের পার্থক্য, চরিত্র সব এক। শুধু দলটার নাম পরিবর্তন হয়েছে বাকি সব চরিত্র এক। চাঁদাবাজি, খুন, দখলদারি, হাট কমিটি, বাজার কমিটি, স্কুল কমিটি, বালুঘাট, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড যা আগে চলতো, এখনো ঠিকই চলছে তবে নামটা শুধু উল্টে গেছে।”
গোলাম পরওয়ার বলেন, ‘‘২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের জন্য মামলা করা হলো। কিন্তু ২০০৯ সালের হাসিনা সরকার সেই মামলা এমনভাবে প্রত্যাহার করে নিল সেই সাথে মামলার নথিপত্র নিখোঁজ করে দিল। আজকে সেই শহীদের মায়েরা বিচারের জন্য কাঁদেন।”
সরকারের উদ্দেশে তিনি বলেন, “যদি আপনারা আওয়ামী লীগকে সত্যিই খুনি ফ্যাসিবাদী চরিত্র বলে মনে করে থাকেন, তাহলে ২৮ অক্টোবরের মামলা পুনরুজ্জীবিত করে অপরাধীদের গ্রেপ্তার করুন।”
জামায়াতের এই নেতা বলেন, ‘‘আওয়ামী লীগের কাছে বিএনপিও শিখেছে ক্ষমতায় না থাকলে গণতন্ত্র, ক্ষমতায় গেলে কিভাবে ফ্যাসিবাদের পথ ধরতে হয়। বিএনপি এখন সে পথেই হাঁটছে।”