সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ রোববার সকাল পর্যন্ত মোট ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
আজ রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
বাতিলের তালিকায় রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস, সৌদিয়া এবং রিয়াদ এয়ারের ফ্লাইট।
এদিকে, রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে এ সপ্তাহে তৃতীয়বারের মতো হামলা হয়েছে। রয়টার্সের খবরে জানানো হয়েছে, এবারের হামলায় দুইজন বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০৯ জনের বেশি।
স্থানীয় সময় গতকাল শনিবারের এ হামলাকে গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে উল্লেখ করেছেন দেশটির কর্মকর্তারা। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারে করে আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখানে ব্যাপক চাপ তৈরি হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
রয়টার্স জানিয়েছে, শনিবারের হামলার আগে কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। সৌদি আরবের হুমকি সতর্কীকরণ ব্যবস্থায়ও কোনো সংকেত দেওয়া হয়নি।