বিশিষ্ট ইতিহাসবিদ ও গবেষক অধ্যাপক সিরাজুল ইসলামকে ‘ড. হারুন-অর-রশিদ ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক ২০২৬’ দিয়েছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। বাংলাদেশের ইতিহাসচর্চা, বিশেষ করে ১৪ খণ্ডে বাংলা ও ইংরেজিতে বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়া প্রকাশে প্রধান সম্পাদক হিসেবে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গতকাল বৃহস্পতিবার এশিয়াটিক সোসাইটির মিলনায়তনে তার হাতে স্বর্ণপদক ও সনদ তুলে দেওয়া হয়।
বার্তা সংস্থা বাসস জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
‘ড. হারুন-অর-রশিদ ট্রাস্ট ফান্ডের’ সভাপতি অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে অধ্যাপক সিরাজুল ইসলামের ওপর সম্মাননাপত্র পাঠ করেন সোসাইটির সম্পাদক ও ট্রাস্ট ফান্ডের আহ্বায়ক অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম।
অনুষ্ঠানে সুধীজনের পক্ষ থেকে বক্তব্য দেন এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ড. সাজাহান মিয়া, ট্রাস্ট ফান্ডের প্রতিষ্ঠাতা ড. হারুন-অর-রশিদ এবং অধ্যাপক ডালিয়া আহমেদ।
অনুষ্ঠানে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সদস্য, শিক্ষাবিদ, গবেষকসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।