খুলনায় শিক্ষার্থী আজমুল হোসেন হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও নগর গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে খুলনার হরিনটানা থানার খাজা হল গেট সংলগ্ন এলাকা থেকে একজনকে ও বরিশালের উজিরপুর উপজেলা থেকে অপরজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- হরিণটানা থানার খানজাহান নগর এলাকার তারেক হাসান ওরফে রুবেল (৩৫) ও যশোরের অভয়নগর উপজেলার ধূলগ্রাম সিদ্দিপাশা গ্রামের প্রতাপ সরকার।
এসআরবি ও গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির সদস্যরা বিশ্ববিদ্যালয় হল রোডের খাজা হল গেট সংলগ্ন এলাকায় অভিযান চালান। এ সময় আজমুল হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত আসামি তারেক হাসান ওরফে রুবেলকে গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, “প্রযুক্তির মাধ্যমে এ মামলার আসামি প্রতাপ সরকারের অবস্থান শনাক্ত করা হয়। পরে বিকেল পৌনে ৫টার দিকে ওই স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নগর গোয়েন্দা পুলিশের দল তাকে নিয়ে খুলনার উদ্দেশ্যে বিকেলে রওনা হয়েছে। এ নিয়ে এ মামলায় এখন পর্যন্ত তিনজন আসামিকে গ্রেপ্তার করা হলো।”