ঢাকার সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাজ করার সময় সুমি আক্তার ওরফে মিশু (২৭) নামে এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্টদের জবাবদিহিতা ও ক্ষতিপূরণ দাবি করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
ব্লাস্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত শুক্রবার বিকেল ৫টার দিকে আশুলিয়ায় ‘ডেকো গ্রুপ’-এর অঙ্গপ্রতিষ্ঠান ‘আগামী অ্যাপারেলস লিমিটেড’-এ কাজ করার সময় মেশিনে বসা অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন সুমি আক্তার। পরে কারখানার মেডিকেল সেন্টারে তার মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, অসুস্থ বোধ করায় তিনি ছুটি চেয়েছিলেন, কিন্তু তাকে ছুটি দেওয়া হয়নি। সাপ্তাহিক ছুটির দিনেও উৎপাদনের চাপে তাকে কাজ করতে হচ্ছিল।
ব্লাস্ট নিরপেক্ষ তদন্ত, জবাবদিহিতা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে, ময়নাতদন্ত ও চিকিৎসা প্রতিবেদনসহ সব তথ্যপ্রমাণের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং তদন্ত প্রতিবেদন প্রকাশ। অসুস্থ অবস্থায় ছুটি না দেওয়া, সাপ্তাহিক ছুটির দিনে কাজ করানো এবং জরুরি চিকিৎসা নিশ্চিত করতে কারখানা কর্তৃপক্ষের ভূমিকা তদন্তেরও দাবি জানিয়েছে সংস্থাটি।
এ ছাড়া সিসিটিভি ফুটেজসহ সব প্রমাণ সংরক্ষণ এবং শারীরিক ও মানসিক নির্যাতন, দুর্ব্যবহার বা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ব্লাস্ট।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পোশাক কারখানাগুলোতে শ্রম আইন প্রতিপালন ও কর্মপরিবেশ নিয়মিত পরিদর্শনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
পাশাপাশি নিহত শ্রমিকের পরিবারকে শ্রম আইন ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দ্রুত উপযুক্ত ক্ষতিপূরণ এবং পরিবারের নির্ভরশীল সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানিয়েছে ব্লাস্ট।