চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর নিকট থেকে এক হাজার ৩৮৭ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার দুবাই থেকে আসা বিমান বাংলাদেশের ফ্লাইটের মোহাম্মদ তুষার নামের যাত্রীর নিকট থেকে এসব সোনা পাওয়া যায়। তার বাড়ি কুমিল্লা সদরে।
শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল চরচাকে বলেন, “এনএসআই, ডিজিএফআই ও শুল্ক গোয়েন্দার যৌথ অভিযানে ওই যাত্রীর আন্ডারওয়্যারের ভেতর বিশেষ কায়দায় পেস্ট পাউডার আকারে রাখা এক হাজার ৩৮৭ গ্রাম সোনা পাওয়া যায়। উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য ২ কোটি ৬৫ লক্ষ ২৬ হাজার টাকা। এসব সোনা বিমানবন্দর কাস্টমসের নিকট হস্তান্তর করা হচ্ছে।”