Advertisement Banner

নয়াদিল্লি যাচ্ছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
নয়াদিল্লি যাচ্ছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ফাইল ছবি

ভারতীয় মহাসাগরে পাঁচটি দেশের নিরাপত্তা উপদেষ্টাদের একটি সম্মেলনে অংশ নিতে ভারত যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

আঞ্চলিক নিরাপত্তা গ্রুপ ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভের’ এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।

শুক্রবার বাসস জানিয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই আঞ্চলিক ফোরামে অংশ নেওয়ার জন্য খলিলুরকে আমন্ত্রণ জানিয়েছেন।

নয়াদিল্লিতে আগামী ১৯ ও ২০ নভেম্বর ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাসস লিখেছে, অন্তর্বর্তী সরকার আঞ্চলিক সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বিভিন্ন আঞ্চলিক সংস্থার সভায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। গত এপ্রিলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিমসটেকের চেয়ারম্যান নির্বাচিত হন। পাশাপাশি সার্ককে পুনরুজ্জীবিত করতেও তিনি কাজ করে যাচ্ছেন।

খলিলুর রহমান এর আগে চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত চায়না-ইন্ডিয়ান ওশান রিজিয়ন ফোরামে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

নয়াদিল্লিতে সিএসসি বৈঠকে তার অংশগ্রহণকে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

সম্পর্কিত