নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে আজ রোববার দুপুর ১টা থেকে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে তারা। সমাবেশে ছাত্র বিষয়ক পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা একাত্মতা প্রকাশ করে আজমুল হত্যার দ্রুত বিচারের দাবি জানান।
এসময় শিক্ষার্থীরা বলেন, পিটিয়ে পিটিয়ে আজমুলকে মেরে ফেলানো একটি ঘৃণ্য অপরাধ। যে অপরাধের অনতিবিলম্বে বিচার হওয়া প্রয়োজন এবং এই হত্যাকাণ্ডের সাথে যদি খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান কিংবা সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ততা থাকে তাদের সাজাও নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, একজন শিক্ষার্থী কখনো খুনের সঙ্গে জড়িত থাকতে পারেনা, তাই যিনি খুনি তিনি অপরাধী, এ দায় তাকেই নিতে হবে। মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান চারজন শিক্ষার্থীর নাম উঠে এসেছে।
এছাড়া এই ঘটনার সাথে জড়িত অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জন রয়েছে। তাই যারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।
একই সঙ্গে বিচারের দাবিতে খুলনাসহ আশপাশের সকল বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের মাঠে নামারও আহ্বান জানান শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে মেসে মিল না দিয়ে ভাত খাওয়ার অপরাধে রুমমেটসহ কয়েকজন শিক্ষার্থী মিলে আজমলকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার সঙ্গে তার চুল কেটে দেওয়া হয়।
পরে তাকে ছাদ থেকে নিচে ফেলা হয়। ওই রাতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।