স্থানীয় সরকার নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন।
আজ মঙ্গলবার নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আইজিপি বলেন, “স্থানীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে ঠিক রাখা যায়, তা নিয়ে সিইসির সঙ্গে আলোচনা হয়েছে। পুলিশের প্রস্তুতি ও অগ্রগতির বিষয়ে শিগগিরই নির্বাচন কমিশনকে বিস্তারিত জানানো হবে।”
এদিকে, আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।