Advertisement Banner

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে ‘তালা দিয়ে আগুন’, শিশুর মৃত্যু

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে ‘তালা দিয়ে আগুন’, শিশুর মৃত্যু
প্রতীকী ছবি: চরচা

লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে ও পেট্রল ঢেলে বেলাল হোসেন নামের এক বিএনপি নেতার ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই তার ৭ বছর বয়সী মেয়ে নিহত হয়। এ ছাড়া ওই বিএনপি নেতা এবং তার আরও দুই মেয়ে আগুনে দগ্ধ হয়েছেন।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, গতকাল শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে।

বেলাল একই ইউনিয়নের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সুতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী।

আগুনে পুড়ে নিহত হওয়া শিশুটির নাম আয়েশা আক্তার। আর দগ্ধরা হলেন-বেলাল হোসেন (৫০) ও তার দুই মেয়ে বীথি আক্তার (১৩) ও স্মৃতি আক্তার (১৮)।

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতের খাবার খেয়ে বেলালের পরিবারের সদস্যরা সবাই ঘুমিয়ে পড়েছিলেন। গভীর রাতে তার ঘরের দরজায় অজ্ঞাত কেউ তালা লাগিয়ে চারদিকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা তার ৩ মেয়ের মধ্যে ছোট মেয়ে আয়েশা নিহত হয়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত অবস্থায় এক শিশুকে উদ্ধার করা হয়। এ ছাড়া দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আগুন কীভাবে লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, বেলাল বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন। অন্য ২ মেয়েকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, আগুনে পুড়ে ঘুমন্ত এক শিশুর মৃত্যু হয়েছে। পরিকল্পিতভাবে ওই ঘরে কেউ আগুন লাগিয়ে দিয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত