রাজধানীর কামরাঙ্গীরচরে বহুতল ভবন থেকে পড়া গ্যাস সিলিন্ডারের আঘাতে জামাল (৫৫) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। এ সময় তিনি নিজ বাসার ফটকের সামনে দাঁড়িয়ে ছিলেন।
বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কামরাঙ্গীররচরের নূরবাগ এলাকার পুরানো পুলিশ ফাঁড়ি গলির একটি বাসার সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জামাল নূরবাগ এলাকার ওই গলিতে টিনশেড বাড়িতে সপরিবারে থাকতেন। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। তার দুটি সন্তান রয়েছে।
জামালের স্ত্রী বিউটি জানান, রাতে তার স্বামী বাসার ফটকের সামনে দাঁড়িয়ে ছিলেন। তাদের টিনশেড ঘরের দুই পাশে একটি পাঁচতলা ও একটি ছয়তলা ভবন রয়েছে। হঠাৎ পাশের যেকোনো একটি ভবন থেকে একটি গ্যাস সিলিন্ডার প্রথমে তাদের ঘরের টিনের চালের ওপর পড়ে। এরপর সেটি জামালের মাথার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন।
তবে সিলিন্ডারটি কীভাবে বা কোন ভবন থেকে পড়েছে সেটি নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।