দেশের জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আর গণতান্ত্রিক রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসময় তিনি দাবি করেন, বিএনপির সময়ে এখন পর্যন্ত দেশে বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল। দলটি স্বৈরতান্ত্রিক ও মাফিয়া শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করেছে। গণঅভ্যুত্থানের মুখে দলটির নেতারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।’’
জুলাই গণঅভ্যুত্থানে জাতিসংঘের হিসাব অনুযায়ী ১ হাজার ৪০০ জন নিহতের তথ্য উল্লেখ করে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত এই ঘটনার জন্য আওয়ামী লীগ ক্ষমা চায়নি বা দুঃখ প্রকাশ করেনি। বরং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে জঙ্গিবাদী তকমা দেওয়ার চেষ্টা করেছে দলটি।
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আওয়ামী লীগ আবার গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে চাইলেও দেশের জনগণ তা গ্রহণ করবে না এবং সে সুযোগ দেবে না।’’
এসময় চলতি ডিসেম্বরে শেখ হাসিনার দেশের ফেরার ঘোষণা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘কে কখন আসতে চাইছে বা চাইছে না, তা নিয়ে সরকার মোটেও বিচলিত নয়। সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। যে-ই আসুক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’
রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সব বিষয় জেনে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’’
অপরাধীদের ধরতে সরকার সফলভাবে কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুই-একটি ঘটনার ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে। তিনি দাবি করেন, ‘‘বিএনপি ক্ষমতা নেওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি।’’
সম্প্রতি সাজেকে সেনাবাহিনীর সদস্যদের ওপর গুলিবর্ষণের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এখন পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। তবে মাঝেমধ্যে কিছু ঘটনা ঘটে। বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনী আন্তরিকতার সঙ্গে কাজ করছে।