কক্সবাজারের উখিয়ায় ‘টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয়’ আগুনে পাঁচজন নিহত হয়েছে। ফায়ার সার্ভিস বলছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আজ শনিবার সকাল ৭টার কিছু সময় পর ইনানি মেরিন ড্রাইভ সড়কে রিসোর্টটিতে আগুন লাগে।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম চরচাকে বলেন, “শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় ৮টা ১৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।”
তালহা জানান, আগুন নির্বাপণের পর ফায়ার সার্ভিসের কর্মীরা রিসোর্টটিতে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেন। তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তবে আগুন লাগার কারণ জানতে কিছুটা সময় লাগবে এবং তদন্ত সাপেক্ষে তা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিসোর্টটির দ্বিতল টিনশেড ভবনের নিচতলায় অবস্থিত রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত।