Advertisement Banner

যুদ্ধে আটকা পড়লেন মুশফিক

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
যুদ্ধে আটকা পড়লেন মুশফিক
মুশফিকুর রহিম। ছবি: ফেসবুক

ওমরাহ হজ পালন শেষে দেশে ফেরার পথে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে তার ফ্লাইটটি দুবাই পৌঁছাতে না পেরে পুনরায় জেদ্দায় ফিরে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে মুশফিকুর রহিম নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

মুশফিকুর রহিম জানান, আজ সকালে এমিরেটস এয়ারলাইন্সের EK 0806 ফ্লাইটে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মাঝপথ থেকেই ফ্লাইটটি ঘুরিয়ে দেওয়া হয় এবং পুনরায় জেদ্দা বিমানবন্দরে অবতরণ করে।

মুশফিক তার পোস্টে লিখেছেন, “দুর্ভাগ্যবশত যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট জেদ্দায় ফিরে এসেছে এবং এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সাথে অবস্থান করছি।”

জেদ্দা বিমানবন্দরে মুশফিকের পাশাপাশি শত শত বাংলাদেশি যাত্রীও আটকে আছেন। উদ্ভূত পরিস্থিতিতে কখন এবং কীভাবে তারা ঢাকায় ফিরতে পারবেন, তা নিয়ে চরম অনিশ্চয়তা কাজ করছে। এই কঠিন সময়ে সবার কাছে দোয়া চেয়েছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। তিনি লিখেছেন, “কেবল সর্বশক্তিমান আল্লাহই জানেন আমরা অন্যান্য বাংলাদেশিদের সাথে কখন এবং কীভাবে ঢাকা পৌঁছাতে পারব। সবার দোয়া প্রার্থী।”

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চরম উত্তেজনা বিরাজ করছে, যার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঢাকা অভিমুখী যাত্রীদের অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত