খুলনার তেরখাদা উপজেলায় যুবদল নেতা রামিম বিশ্বাস গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার পারহাজী গ্রামের ‘খান ব্রীকস’-এর কাক আয়নাল মোল্লার বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে।
গুলিবিদ্ধ যুবদল নেতা পারহাজী গ্রামের হাবিবুর বিশ্বাসের ছেলে। তিনি মধুপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানা গেছে। যে সময় যুবদল নেতা রামিম গুলিবিদ্ধ হলেন ঠিক সে সময় দেশের পুলিশ প্রধান খুলনায় অবস্থান করছিলেন।
এলাকার একটি সূত্র চরচাকে জানায়, শনিবার বেলা ১১টার দিকে ভ্যানে করে কোলাবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন যুবদল নেতা রামিম। এর কিছুক্ষণ পর তিনি স্থানীয় আইনাল মোল্লার বাড়ির সামনে প্রধান সড়কে পৌঁছানো মাত্র মোটরসাইকেল আসা দুই জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছেড়ে। গুলি তার পিঠের ডানপাশে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ আহম্মেদ আলী বিশ্বাস বলেন, “গুলিবিদ্ধ রামিম যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। পাশাপাশি তিনি মাদক কারবারের সাথে জাড়িত ছিলেন। এছাড়া খুলনার শীর্ষ সন্ত্রাসী বাহিনী প্রধানের সাথে তার ভাল সম্পর্ক ছিল। মাদক কারবারকে কেন্দ্র করে এ গুলির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”