রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান ৩ নম্বর সড়কে কেএফসির গলিতে এ ঘটনা ঘটে। মিছিল চলাকালে দুটি ককটেল বিস্ফোরণও ঘটেছে।
আটকরা হলেন মো. আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯)।
এই বিষয়টি চরচাকে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন। তিনি জানান, নিকেতন এলাকায় দায়িত্বরত পুলিশের এক উপপরিদর্শক (এসআই) তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
মো. দাউদ হোসেন বলেন, “গুলশান ১-এর কেএফসি গলি থেকে আওয়ামী লিগের মিছিল থেকে দুজনকে আটক করা হয়েছে। ওই জায়গা থেকে পাচঁটি ককটেল উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।”