পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে পুলিশ বল প্রয়োগ করলে তাদের ফ্যাসিবাদী বলা হয়, আর বল প্রয়োগ না করলে পুলিশকে দুর্বল মনে করে মানুষ।
আজ শনিবার খুলনার বয়রা পুলিশ লাইনে খুলনা বিভাগের কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি। এ সময় তিনি আরও বলেন, গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সমাজে মাদককে প্রতিষ্ঠিত করা হয়েছে। এ পরিস্থিতি নিরসনে কাজ করছে পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর করতে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে আইনি কাঠামো তৈরি করা হচ্ছে বলে জানান আইজিপি। এর মাধ্যমে কমিউনিটি পুলিশিং পুলিশের একটি শাখা হিসেবে কাজ করবে।
আইজিপি আরও বলেন, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে দেশব্যাপী যৌথ অভিযান চলছে। পাশাপাশি চাঁদাবাজির অভিযোগের ক্ষেত্রে জনগণের অভিযোগ ছাড়াই যাতে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করতে পারে, সেই লক্ষ্যে পুলিশকে ক্ষমতা দিতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।