Advertisement Banner

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ
ঢাকা-বরিশালের মহাসড়ক অবরোধ। ছবি: চরচা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ রোববার দুপুর তিনটা থেকে বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ সংলগ্ন মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা।

আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয় ও ব্রজমোহন কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ যোগ দেয়। হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের উপদেষ্টারা প্রশাসনের মাধ্যমে আশ্বস্ত না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বিক্ষুব্ধরা।

আন্দোলনকারী এক শিক্ষার্থী রেজা ই রাব্বি বলেন, “ওসমান হাদি আমাদেরই ভাই। দিনের আলোতে তাকে গুলি করে হত্যা করা হয়েছে, অথচ এখনো প্রধান খুনিসহ অন্যান্যরা ধরা-ছোঁয়ার বাইরে। আমরা আর কোনো আশ্বাস চাই না। আমরা চাই জড়িতদের গ্রেপ্তার করে দৃশ্যমান বিচার। এটা ন্যায়ের আন্দোলন।”

এদিকে মহাসড়ক অবরোধের ফলে শতাধিক যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন আটকে যায়। মহাসড়কে আটকে পড়া এক যাত্রী ইয়াসিন মল্লিক বলেন, “আমি ঢাকায় অসুস্থ মাকে দেখতে যাচ্ছিলাম। প্রায় এক ঘণ্টা ধরে বাস দাঁড়িয়ে আছে। কষ্ট হচ্ছে, কিন্তু ওসমান হাদি হত্যার বিচারও হওয়া দরকার।”

বরিশাল নগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “মহাসড়কে যেন কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি না হয়, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে আমরা কথা বলেছি।”

সম্পর্কিত