Advertisement Banner

বেলুচিস্তানে ৪০ ঘণ্টায় ১৪৫ যোদ্ধা নিহত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
বেলুচিস্তানে ৪০ ঘণ্টায় ১৪৫ যোদ্ধা নিহত
বেলুচিস্তান। ছবি: রয়টার্স

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে মাত্র ৪০ ঘণ্টায় অন্তত ১৪৫ জন বিদ্রোহী নিহত হয়েছে। আজ রোববার এক সংবাদ সম্মেলনে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই তথ্য নিশ্চিত করেছেন।

কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, টানা ৪০ ঘণ্টা ধরে চলা এই অভিযানে বিদ্রোহীদের পাশাপাশি ১৭ জন নিরাপত্তাকর্মী এবং ৩১ জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। কোয়েটা, গোয়াদর, মাস্তুং ও নশকি জেলাসহ প্রদেশের বিভিন্ন প্রান্তে এই অভিযান চালানো হয়।

নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই সমন্বিত হামলার দায় স্বীকার করেছে। তারা এই অভিযানের নাম দিয়েছিল ‘হেরোফ’ বা ‘কালবৈশাখী’। খনিজ সম্পদে সমৃদ্ধ কিন্তু অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা প্রদেশটিতে গত কয়েক দশক ধরে স্বায়ত্তশাসনের দাবিতে এই ধরনের সশস্ত্র বিদ্রোহ চলছে।

পাকিস্তান সামরিক বাহিনীর দাবি, এই হামলার পেছনে ভারতের মদত রয়েছে। তবে নয়াদিল্লি এই অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে দাবি করেন, “আমরা পাকিস্তানের এই ভিত্তিহীন অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। ইসলামাবাদের উচিত নিজেদের অভ্যন্তরীণ সমস্যা এবং ওই অঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবির দিকে মনোযোগ দেওয়া।”

সেনাবাহিনী জানিয়েছে, বিদ্রোহীরা প্রদেশের কোনো শহর বা কৌশলগত স্থাপনা দখল করতে পারেনি। তাদের সমস্ত প্রচেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে। বর্তমানে পুরো প্রদেশে বড় ধরনের ‘ক্লিয়ারেন্স’ অপারেশন চলছে এবং হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পাশাপাশি, পাকিস্তানের অন্যান্য অংশেও ইসলামপন্থী জঙ্গি এবং পাকিস্তানি তালেবান সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে।

সম্পর্কিত