ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় একটি গ্যারেজ থেকে অবিস্ফোরিত চারটি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০-এর একটি দল। খবর বার্তা সংস্থা ইউএনবির।
গতকাল বুধবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এসআরবি-১০-এর সদর কোম্পানির একটি অপারেশনাল দল বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করে।
এসআরবি-১০-এর মিডিয়া শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, ওই এলাকায় অবৈধ মাদক ও অন্যান্য সামগ্রী কেনাবেচার গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। তিনি বলেন, চারটি ককটেলই অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এসআরবি-১০ জানিয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
এ ছাড়া দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে তারা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ব্যাটালিয়নটি। জননিরাপত্তা ও রাষ্ট্রের স্বার্থে সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্বপালন অব্যাহত রাখার কথাও জানিয়েছে তারা।